শেষ ষোলো নিশ্চিতে ইউরোপের জায়ান্টদের হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ রাউন্ডে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর জন্য অপেক্ষা করছে রুদ্ধশ্বাস লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মতো শক্তিধর দলগুলো এখনো সরাসরি শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে রয়েছে।

ইতিমধ্যে ১৫টি দল নকআউট পর্ব নিশ্চিত করেছে। বাকি জায়গাগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে আরও ১৭টি দল। বুধবার একযোগে বাংলাদেশ সময় রাত ২টায়  শুরু হবে ১৮টি ম্যাচ। লিগ পর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে যাবে, আর পরের ১৬টি দলকে খেলতে হবে প্লে-অফ। যদিও গত মৌসুমে প্লে-অফ খেলেই শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল পিএসজি।

শেষ ষোলো নিশ্চিত

সাত ম্যাচে শতভাগ জয়ে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে। লিগ পর্ব চালু হওয়ার পর আর্সেনাল প্রথম দল হিসেবে আট ম্যাচ জয়ের রেকর্ড গড়ার পথে রয়েছে। টেবিলের তলানিতে থাকা কাজাখস্তানের কাইরাত আলমাতির বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা। বায়ার্নের ইউরোপে একমাত্র হারটি এসেছে আর্সেনালের বিপক্ষে। ভিনসেন্ট কোম্পানির দল শেষ ম্যাচে সফর করবে পিএসভি আইন্দহোভেনের মাঠে।

জয় পেলেই শেষ ষোলো

১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হোসে মোরিনহোর বেনফিকার মাঠে জিতলেই সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে। অ্যানফিল্ডে কারাবাগকে হারাতে পারলে একই পথে হাঁটবে লিভারপুল। ঘরোয়া লিগে ভুগলেও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারালে প্লে-অফ এড়াতে পারবে টটেনহ্যাম। ষষ্ঠ থেকে ১৩তম স্থানে থাকা আটটি দল সমান ১৩ পয়েন্টে আটকে আছে। এই দলে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যারা পার্ক দে প্রিন্সে নিউক্যাসলকে আতিথ্য দেবে। চেলসি আপাতত শেষ শীর্ষ আটের জায়গাটি ধরে রেখেছে, তবে নাপোলির মাঠে সাবেক কোচ আন্তোনিও কন্তের দলের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়বে তারা। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি যথাক্রমে নবম ও একাদশ স্থানে। ওপরের দলগুলো হোঁচট খেলে শেষ মুহূর্তে শীর্ষ আটে ঢুকে পড়ার সুযোগ রয়েছে তাদের। স্পোর্টিং লিসবন, আতলেতিকো মাদ্রিদ ও আতালান্তাও লড়াইয়ে আছে। ইন্টার মিলান ও জুভেন্টাস ১২ পয়েন্ট নিয়ে থাকলেও বুধবারের ফল যাই হোক, নকআউটে তাদের জায়গা নিশ্চিত।

নকআউটের পথে

বরুসিয়া ডর্টমুন্ড ও গালাতাসারে প্রায় নিশ্চিতভাবেই পরের পর্বে উঠছে। আজারবাইজানের কারাবাগ ইতিহাসে প্রথমবার নকআউটে ওঠার পথে, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ের সুবাদে। বর্তমানে শীর্ষ ২৪-এ থাকা দলগুলোর মধ্যে আছে মার্সেই, বায়ার লেভারকুজেন, মোনাকো, পিএসভি, অ্যাথলেটিক বিলবাও ও অলিম্পিয়াকোস। তবে নিচের দিকের সাতটি দল শেষ রাউন্ডে সমীকরণ বদলে দিতে পারে।

বাদ পড়ার শঙ্কায়

ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিই সবচেয়ে বড় নাম, যারা নকআউট পর্বে জায়গা না পাওয়ার ঝুঁকিতে। সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা ২৫তম স্থানে। গোলসংখ্যায় পিছিয়ে থাকায় অলিম্পিয়াকোসের নিচে রয়েছে তারা। শেষ ম্যাচে বার্সেলোনার মাঠে খেলবে এফসি কোপেনহেগেন, যাদেরও পয়েন্ট আট। বেনফিকা ও আয়াক্সের মতো সাবেক চ্যাম্পিয়নদের টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। একই অবস্থা ক্লাব ব্রুগে, বোদো/গ্লিম্ট, পাফোস ও উনিয়ন সাঁ-জিলোয়ার দলের।

বাঁচা-মরার লড়াইয়ে নাপোলি

চেলসির বিপক্ষে ম্যাচে নাপোলির সামনে কার্যত ‘করো বা মরো’ অবস্থা। ইনজুরি সংকটে জর্জরিত ইতালিয়ান চ্যাম্পিয়নরা কোপেনহেগেনের সঙ্গে ড্রয়ের পর মাত্র আট পয়েন্ট নিয়ে বাদ পড়ার কিনারায়। অন্যদিকে চেলসিরও জয়ের প্রয়োজন, শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে। কোচ আন্তোনিও কন্তে বলেছেন, ‘আমরা খুব কঠিন সময় পার করছি। ছেলেদের এখন সমর্থকদের বড় সমর্থন দরকার।’ মৌসুম জুড়ে ইনজুরি সমস্যায় ভুগছে তার দল। রোমেলু লুকাকু, ডেভিড নেরেস, ভানিয়া মিলিনকোভিচ-সাভিচসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন। সব প্রতিকূলতার মধ্যেও লড়াই ছাড়তে নারাজ কন্তে। লুকাকুর ফেরা কিছুটা স্বস্তি দিচ্ছে নাপোলিকে। জিতলে প্রায় নিশ্চিতভাবেই প্লে-অফে জায়গা পাবে তারাএটাই এখন কন্তের ক্লান্ত দলটির বড় প্রাপ্তি হতে পারে।

বিদায় নিশ্চিত

অভিষেক মৌসুমে কাইরাত আলমাতি ও ভিয়ারিয়াল সাত ম্যাচে ছয়টিতে হেরেছে। সøাভিয়া প্রাগ এখনো জয়ের মুখ দেখেনি। দুর্বল পারফরম্যান্সের কারণে জানুয়ারিতে কোচ ডিনো টপমোলারকে বরখাস্ত করেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত