'ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা পাগলামি'

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনা করাকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন মিডফিল্ডার দানি ওলমো।

মঙ্গলবার কোপেনহেগেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওলমো বলেন, “ল্যামিনের নিজের একটা পথ আছে, সে সেটা ভালোভাবেই জানে। এখন যে কোনো খেলোয়াড়কে মেসির সঙ্গে তুলনা করা সত্যিই পাগলামি।”

লা মাসিয়া একাডেমি থেকেই উঠে এসেছেন ইয়ামাল—ঠিক যেমনটা হয়েছিল বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির ক্ষেত্রে। এ কারণেই আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে তার তুলনা প্রায়ই উঠে আসে, যদিও ইয়ামাল নিজেও বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করেন।

রবিবার লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩–০ গোলের জয়ে দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক গোল করেন ১৮ বছর বয়সী ইয়ামাল। সেই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে যায় বার্সেলোনা। ইয়ামালের প্রশংসায় ওলমো বলেন, “ল্যামিনে একেবারেই ‘স্পেকটাকল’। সে খুবই তরুণ, কিন্তু এখনই আমাদের যা দিচ্ছে, তা অবিশ্বাস্য। ভবিষ্যতে সে আরও অনেক বেশি কিছু দেবে।”

মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ইয়ামালের। ক্লাবের হয়ে প্রথম কয়েক মৌসুমেই গড়েছেন একাধিক রেকর্ড, যার মধ্যে সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল করার কীর্তিও রয়েছে। স্পেনের হয়ে ইউরো ২০২৪ শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি গত মৌসুমে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠার অভিযানে ছিলেন অন্যতম ভরসা।

ওলমো আরও বলেন, “ও শান্ত থাকে, নিজের লক্ষ্য আর পরিকল্পনা পরিষ্কার। তাকে সাহায্য করাই আমাদের কাজ। শেষ পর্যন্ত ফুটবলটা দলগত—ল্যামিনে ভালো খেললে, গোল করলে আর জিতলে দলও জিতবে।”

বুধবার ঘরের মাঠে কোপেনহেগেনকে আতিথ্য দেবে বার্সেলোনা। শেষ ষোলোয় সরাসরি ওঠার জন্য লিগ পর্বের শীর্ষ আটে থাকতে হলে এই ম্যাচে জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলও অনুকূলে যেতে হবে।

এই ম্যাচে চোটের কারণে পেদ্রি গনসালেজকে পাবে না বার্সেলোনা, নিষেধাজ্ঞায় নেই ফ্রাঙ্কি ডি ইয়ংও। তবে চোট কাটিয়ে ফিরতে পারেন ফেরান তোরেস, জানিয়েছেন কোচ হান্সি ফ্লিক। ফ্লিক বলেন, “আমাদের এই ম্যাচটা খেলতে হবে এবং কোপেনহেগেনকে সম্মান করতে হবে। তাদের দলটা দারুণ। আমাদের সর্বোচ্চ মানের ফুটবল খেলতে হবে। শীর্ষ আটে শেষ করার বড় সুযোগ আছে, সেটা কাজে লাগাতে আমরা সব কিছু করব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত