বারি কৃষিশ্রমিকদের চাকরি নিয়মিতকরণ দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক শ্রমিক। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অনিয়মিত শ্রমিকরা মহাপরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

বারি কৃষিশ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, একজন অনিয়মিত শ্রমিক তিন বছরে ৭২০ দিন কাজ করলে তাকে নিয়মিত শ্রমিক হিসেবে গণ্য করার বিধান রয়েছে। কিন্তু বারি কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়মিত করছেন না।

শ্রমিকরা জানান, ২০২৪ সালে ৫ আগস্টের পর বারিতে নতুন পরিচালক আসার পর অনিয়মিত শ্রমিকদের চাকরি নিয়মিত করা হবে বলে আশ^াস দিয়েছিলেন। পরে এ বিষয়ে তার কাছে একাধিকবার যোগাযোগ করা হলেও নিয়মিত করা হচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর শ্রমিকদের দাবির বিষয়টি সুরাহা করা হবে।

বিকেলে শ্রমিকদের সঙ্গে বারি কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ^াস দেওয়া হলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত