বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্তের কোনো কারণ খুঁজে পাননি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, বিদেশি কর্মকর্তা বা তাদের পরিবারকে হুমকির মুখে ফেলার মতো কোনো নিরাপত্তা পরিস্থিতি নেই।
মিশন সদস্যদের পরিবারকে দেশে ফিরে যেতে বলা সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়, এমনটি জানিয়ে উপদেষ্টা বলেন, তারা (ভারত) যেকোনো সময় তাদের কর্মকর্তা বা পরিবারকে চলে যেতে বলতে পারে।
ভারত সরকার সম্প্রতি নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে বাংলাদেশে অবস্থিত দেশটির সব মিশনের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদের ফেরত যেতে নির্দেশ দেয়।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে কোনো নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই যা ভারতীয় কূটনীতিক বা তাদের পরিবারের জন্য কোনো ঝুঁকির ইঙ্গিত দেয়।
মিশন সদস্যদের পরিবারকে ফেরত যেতে বলে ভারত কোনো ইঙ্গিত দিচ্ছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমি বুঝতে পারছি না, এটি কী ধরনের সংকেত হতে পারে।’ তিনি বলেন, ‘সম্ভবত তাদের কোনো আশঙ্কা আছে বা তারা কোনো বার্তা দিতে চান, তবে আমি কোনো স্পষ্ট কারণ চিহ্নিত করতে পারছি না।’ দেশে বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে উপদেষ্টা বলেন, সামগ্রিকভাবে কোনো বিঘœ ঘটেনি।
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বিগত নির্বাচনের সময় ছোটখাটো সংঘর্ষ অস্বাভাবিক ছিল না, তবে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ বলে মনে হচ্ছে না। নির্বাচন-সম্পর্কিত সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, সরকার নিশ্চিত নয় যে অস্থিরতা দেখা দেবে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ড্রোন তৈরি ও প্রযুক্তি হস্তান্তরের জন্য চীনের সঙ্গে বাংলাদেশের সম্প্রতি স্বাক্ষরিত সরকার-থেকে-সরকার (জি-টু-জি) চুক্তি জাতীয় স্বার্থের ভিত্তিতে ছিল। অন্যান্য দেশের প্রতিক্রিয়া এ ক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশ অন্য দেশের সহায়তায় কোনো শিল্প বা কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়, তবে এটি তার নিজস্ব সার্বভৌম সিদ্ধান্তের ভিত্তিতেই করবে। অন্যরা কী ভাবছে, তা গুরুত্বপূর্ণ নয়।
