বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিই একমাত্র দল, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় কাজ করে। একটি উন্নত দেশ ও জাতি গঠনে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের অনেক গণমুখী পরিকল্পনা রয়েছে। আগামী দিনে তার ডায়নামিক নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বিকালে দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পালের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, এই দেশে বিএনপিই একমাত্র দল, যখনই ক্ষমতায় ছিল, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছে। অপরদিকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাট করে দেশ ধ্বংস করেছে। তাই দেশের মানুষ যতবার ভোট দেবার সুযোগ পেয়েছে, বিএনপিকে বিপুল ভোটে ক্ষমতায় বসিয়েছে। বিএনপিও জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে দেশকে এগিয়ে নিয়েছে।
ড. মোশাররফ বলেন, ফ্যাসিস্ট হাসিনা জনগণের সমর্থন ছাড়াই গায়ের জোরে ১৬ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। ভোটের বাক্স ছিনতাই, একদলীয় নির্বাচন, দিনের ভোট রাতে এবং আমি ড্যামি নির্বাচন নাটক মঞ্চস্থ করে ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনার নেশা হয়ে গিয়েছিল। অতিলোভী, সীমালঙ্ঘনকারী হাসিনা অবশেষে ক্ষুব্ধ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, পালিয়ে গিয়েও এই পতিত ফ্যাসিস্ট ও তার দোসররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তৎপর রয়েছে। এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। দল হিসাবে বিএনপি এবং নেতা হিসাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অপ্রতিদ্বন্দ্বী। ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড এবং অসহায় মা-বোনেরা পাবেন ফ্যামিলী কার্ড। এ ছাড়া প্রচুরসংখ্যক মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য থাকবে অবারিত সুযোগ সুবিধা। খন্দকার মারুফ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
পালের বাজারের পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিঞা মো. মিজানুর রহমান, আলহাজ্ব আবুল হাশেম, মিঞা মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. মো. শাহীদুল হাসান বাবুল, হেলাল ইসহাক, মাহবুবুল আলম মোহন, ইয়াহিয়া খান, মোশাররফ হোসেন হাজারী প্রমুখ।
সকাল থেকে বিকেল পর্যন্ত ড. খন্দকার মারুফ হোসেন পাঁচগাছিয়া ইউনিয়নের শ্রীরায়ের চর, ঠেটালিয়া, হরিণা বাজারখোলা, তুলাতলী, পাঁচগাছিয়া ও নারান্দিয়া, দৌলতপুর ইউনিয়নের বালুচর, পালের বাজার, কেতুন্দি, কাউয়াদী, ভাউরিয়াও দৌলতপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় সমবেত ভোটারদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
