বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্য দেশের মানুষ ১৬ বছর অপেক্ষা করেছে। যে নির্বাচনে দেশের জনগণ নিজের ইচ্ছে মতো, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। জনগণের এতদিনের প্রত্যাশা তারা নিজের ভোট নিজে দিয়ে এমপি নির্বাচিত করবে। সেই সরকার হবে জনগণের সরকার।
আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের ঘোষণা দিলে কেউ কেউ বলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির অর্থ হচ্ছে জনগণ ভোট দেবে দলকে আর দল মনোনয়ন করবে এমপি। সেখানে কিন্তু কোনও এমপি আর ভোটারের এমপি না। ভোটার বলতে পারবে না তার এমপি কে আর এমপিও বলতে পারবে না তার ভোটার কে? পিআর পদ্ধতিতে নির্বাচিতরা দলের এমপি হয়ে যাবে, তারা জনগণের এমপি হবে না! পিআর পদ্ধতির কথা বলে গুজব ছড়ানোর মাধ্যমে এই নির্বাচনকে বানচালের চেষ্টা চালানো হচ্ছে।
খন্দকার মোশাররফ বলেন, আমরা চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে। তাই আগামী নির্বাচনকে সফল করতে হবে। অনেকেই আপনাদের কাছে আসবে, অবান্তর কথা বলবে। অবান্তর কথায় কান দিয়ে আপনারা সচেতন হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন। অতীতে ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আপনাদের সেবা করতে দল আমাকে মন্ত্রী বানিয়েছে। এবারাও আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ড. খন্দকার মোশাররফ হোসেন মনোনয়ন পাওয়ায় দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি গণমিছিলের আয়োজন করেছে। মিছিলটি দাউদকান্দি শহীদ রিফাত পার্কের সামনে থেকে দাউদকান্দি টোলপ্লাজা হয়ে বিশ্বরোড ঈদমাঠে শেষ হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এম এ লতিফ ভুইয়া, সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, পরিবহন নেতা সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার ও পিটার চৌধুরী প্রমুখ।
মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব
তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে বারবার আশান্বিত করেছে
‘আবার নির্বাচন করতে পারব ভাবিনি’ প্রচারণায় নেমে লুৎফুজ্জামান বাবর
‘রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরও লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি’
কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন