কুমিল্লা-১ আসনে বিজয়ী প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পরাজিত প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. মনিরুজ্জামান বাহলুল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশান বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে মনিরুজ্জামান বাহলুল নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচনে বিজয়ে অভিনন্দন জানান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়াসহ দাউদকান্দি ও মেঘনা উপজেলার জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ে ড. মোশাররফ বলেন, গণতন্ত্রে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, সহিংসতা ও হয়রানি গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করে। তাই সবাইকে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
