সিনিয়র সচিব এহছানুল হক

সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে আহ্বান জানাতে পারবেন না

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

গণভোটে সরকার সাধারণ মানুষকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে পারবে, তবে ‘হ্যাঁ’ বা ‘না’-এর কোনো পক্ষেই অবস্থান নিতে পারবে না বলে জানিয়ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনময় সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা হলো এই নির্বাচন ও গণভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ। সরকারের কোনো প্রার্থী নেই, কোনো পক্ষও নেই। আমাদের দায়িত্ব শুধু একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার করতে পারবেন না। ভোটারদের শুধু অংশগ্রহণে উদ্বুদ্ধ করা যাবে, কোনো অবস্থান নেওয়া যাবে না।

এহছানুল হক আরও বলেন, গণভোটে জনগণ পরিবর্তন চায় কি না, সেটি জনগণের সিদ্ধান্ত। সরকার এখানে নিরপেক্ষ। যারা ভোটে জিতবেন, তারাই সরকার গঠন করবেন। ৩৬ জুলাইয়ের পর দেশে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে মানুষের মতামত জানার সুযোগই হলো এই গণভোট। কেউ ‘হ্যাঁ’ বলবেন, কেউ ‘না’ বলবেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভোটারদের।

তিনি জানান, এর আগে কিছু জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছিল, তবে নির্বাচন কমিশনের নতুন বিধিনিষেধের পর এখন বিষয়টি পরিষ্কার। এখন আর কেউ পক্ষপাতমূলক বক্তব্য দিতে পারবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি বলেন, অতীতের নির্বাচনগুলো নিয়ে মানুষের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, তা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন, প্রশাসন এবং গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এহছানুল হক জানান, এবারের ভোটগ্রহণে ভোটাররা দুটি ব্যালট পাবেন। একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের, যাতে ভোটাররা বিভ্রান্ত না হন। আমরা চাই না কোনো ভোটার বিশেষ করে নারী ভোটাররা ভুলের কারণে গণভোটে ভোট বাতিলের শিকার হন। সে জন্য তথ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে সচেতনতামূলক কাজ করছেন।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার অ.ন.ম বজলুর রশিদের সভাপতিত্বে রাজশাহী বিভাগের প্রশাসন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত