বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক

সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে মাধবপুর-চুনারুঘাট

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

সঠিক নেতৃত্বের অভাবে মাধবপুর-চুনারুঘাট পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সলের বড় ছেলে ও বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক।

তিনি বলেন, নির্বাচন এলে বসন্তের কোকিলের মতো কিছু লোকের আগমন ঘটে। যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে পরে আর খোঁজ রাখে না। সঠিক নেতৃত্ব নির্বাচন করতে বারবার ভুল করার কারণেই আজ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে মাধবপুর ও চুনারুঘাট অঞ্চল।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে সৈয়দ ইশতিয়াক বলেন, এই ৩১ দফার ভিত্তিতেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে ফেরাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিলে দেশ ও জাতির ভবিষ্যৎ নিরাপদ হবে। হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করলে তিনি এই অঞ্চলকে একটি সমৃদ্ধ জনপদে পরিণত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা ফজলুর রহমান, ফরিদুর রহমানসহ স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত