আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে গণসংযোগ করেন।
পথসভা শেষে তিনি মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর, বড় বাকাইল, আনন্দপুর গুদারাঘাট, আমিরপাড়া, মৈন্দ এবং মৈন্দপূর্বসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন।
পথসভা গুলোতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা আওয়ামী লীগের সময়ের ভোট ছাপানো নির্বাচন চাই না। যারা ছাপানোর মতোন অপরাধ করবে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করবো এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবো।
তিনি বলেন, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি ভোট দিবেন। তিনি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আহবান জানান। তিনি বলেন, একটি দল এখন ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচারণা চালানো হচ্ছে। যা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।
তিনি এলাকার উন্নয়নের বিষয়ে বলেন, আমি পাশ করে সংসদে গেলে মজলিশপুর ইউনিয়নের উন্নয়নের গুরুত্বপূর্ণ ব্রিজসহ সড়কগুলোর সংস্কার করবো। এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ও দেশের মানুষদের জন্য যা কিছু করেছেন সকল গুণাবলি তুলে ধরেন।
তিনি বলেন, বিএনপি সরকারে গেলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং এই কার্ডের অন্তর্ভুক্তদের আড়াই হাজার টাকার মূল্যের মালামাল সহায়তা করা হবে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক আলী আজম, এ.বি.এম মমিন, আনিসুল হক মঞ্জু, মইনুল হোসেন চপল, মিজানুর রহমান, ভিপি শামিম, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদসহ মজলিশপুর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
