সাভারে রাজাশন-আকরাইন সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় ডাকাতির কাছে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের রাজাশন-আকরাইন আঞ্চলিক সড়কের কালিয়াকৈর এলাকার বাঁশঝাড়ের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌর এলাকার রাজাশন গ্যারেজ মহল্লার তোফাজ্জলের ছেলে সানি মিয়া (৩৫), সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের ছেলে রাসেদ মিয়া (৩২), একই এলাকার হানিফ মিয়ার ছেলে মাসুদ রানা (৩১), আবুল হাসেমের ছেলে রিপন মিয়া (৩৩), ওই ইউনিয়নের সামাইর এলাকার চান মিয়ার ছেলে শাহিন মিয়া (৩১), তেঁতুলঝড়া ইউনিয়নের পুর্বহাটি উত্তর পাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে সোহাবান মিয়া (২৩), একই এলাকার আবু মিয়ার ছেলে নুর নবী (২৭) ও উত্তর মেটকা এলাকার হাছেনের ছেলে ইমন মিয়া (২৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের রাজাশন-আকরাইন সড়কে কালিয়াকৈর বাঁশঝাড়ে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাঁশ ঝাড়ে অভিযান পরিচালনা করে। সেসময় ডাকাত চক্রের ৮ সদস্যকে আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি রামদা, একটি ধারালো ছুরি ও তিনটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে আটক করা হয়েছে। তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। গ্রেপ্তাককৃতদের কাছ থেকে দেশীয় ৮ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তাকৃত আট জনকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নে আকরাইন-সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় এ ডাকাতরা গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিল।
সে সময় ডাকাতদের কবলে পড়া এক প্রাইভেটকার যাত্রী ডাকাতদের চিত্র ভিডিও করে ছিল। পরে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডে একটি ভিডিওতে দেখা যায়, সাভারের বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় একটি প্রাইভেটকার যাচ্ছিল। এসময় সড়কে একটি গাছ ফেলে কয়েক জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে প্রাইভেটকারের গতিরোধের চেষ্টা করে। সেসময় প্রাইভেটকার চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাত সদস্যরা গাড়িতে হামলা করে। এতে গাড়ির জানালার কাচ ভেঙে যায়।
