নরসিংদীর বেলাবতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আজীমূল কাদের ভূঁইয়া (৪৫) নামে এক পোলট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিমূল কাদের ভূঁইয়া বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি রাত ৮টার দিকে তিনি নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখেতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। আজীমূল কাদের ভূঁইয়া নিখোঁজের পর থেকেই পোলট্রি খামারের ওই দুই শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নিহতের একটি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
