দাউদকান্দিতে সড়কে জলাবদ্ধতা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:১১ এএম

মেঘ-বৃষ্টি কিছুই নেই, পানিতে তলিয়ে গেছে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সড়ক। গোড়ালি পর্যন্ত জমে থাকা পানি থেকে বের হচ্ছে দুর্গন্ধ। এই পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। সরেজমিনে গত বৃহস্পতিবার গৌরীপুর-হোমনা সড়কের সঙ্গে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সংযোগ সড়কে এ পরিস্থিতি দেখা যায়। ভুক্তভোগীরা জানান, গত কয়েক বছর ধরে বর্ষাকালে বৃষ্টিতে এখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সড়কটির উভয় পাশে হসপিটাল, মাদ্রাসা, বালিকা বিদ্যালয়সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। জলাবদ্ধতা হওয়ায় মাদ্রাসা ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী মানুষ বিপাকে পড়েন।

স্থানীয়রা জানান, সড়কটির দুপাশেই বহুতল ভবন নির্মাণ হলেও পানি নিষ্কাশন বা ড্রেন করার জন্য তেমন কোনো জায়গা রাখেনি। পরে সড়কটির পাশ দিয়ে পিভিসি পাইপ দিয়ে পানি নিষ্কাশনের লাইন করলেও তা ফেটে এসব ভবনের পানি সরাসরি সড়কে পড়ে। পরে ধীরে ধীরে পানি বাড়তে থাকে।

গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুর রহমান বলেন, হোমনা সড়ক থেকে বিদ্যালয়ে আসার দুটি সড়কই জলাবদ্ধতা থাকে। সড়কগুলোর পাশে বহুতল ভবনের মালিকরা একজনও ড্রেন রাখেনি, বরং সরকারি জায়গা দখল করে বিল্ডিং করেছে। এসব বিল্ডিংয়ের ময়লা পানি সব সড়কের ওপর চলে আসে। এসব ময়লা পানির দুর্গন্ধে শিক্ষার্থীরা অনেক সময় অসুস্থ হয়ে যায়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাছরীন আক্তার বলেন, গৌরীপুরে জলাবদ্ধতা নিয়ে কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এ বিষয়টিরও পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত