ভোট যতই ঘনিয়ে আসছে, প্রচারণায় ততই ব্যস্ততা বেড়েছে গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলনের। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী শম্পা হক, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম খান বিকিসহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
গণসংযোগকালে প্রার্থী ফজলুল হক মিলন উপস্থিত ভোটারদের কাছে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদেরকে আশ্বস্ত করেন নির্বাচিত হলে ওই এলাকার অবহেলিত জনপদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থান ও নারীদের সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে শম্পা হককে কাছে পেয়ে এ আসনের নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। মহিলা দল ও যুব মহিলা দলের নেতাকর্মীরাও তার সঙ্গে থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগে সক্রিয় রয়েছেন। নির্বাচনী প্রচারনাকালে তারা ধানের শীষে ভোট দিয়ে ফজলুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান জানান।
