ভোলা-২ আসন

বিএনপি কর্মীর বাড়িতে জামায়াতের প্রচারণা, সংঘর্ষে আহত ১৫

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীসমর্থকদের সংঘর্ষে দুইপক্ষের ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মনিরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ফয়জুল্লাহ, ইমন, আবদুল হালিম, শাহ আলম, রায়হান, শামিম ও তানজিল রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান জানান, সকালের দিকে টবগী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় যায়। এ সময় স্থানীয় চকিদার বাড়ির সামনে যাওয়ার সময় সেখানকার বিএনপির কর্মী বাহার ও সৌরভের নেতৃত্বে একটি দল তাদেরকে বাঁধা দেয় এবং  লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হালিমসহ তাদের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান জানান, সকাল ৭টার দিকে জামায়াতের কিছুকর্মী বিএনপি কর্মীর বাড়িতে প্রচারণায় যায়। এসময় বাড়ির এক নারী গোসল করছিলেন। এর মধ্যে প্রচারণায় যাওয়াকে কেন্দ্র করে কর্মীদের বাকবিতণ্ডা হয়। এর জেরে স্থানীয় বাজারে বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াতে কর্মীদের হাতাহাতি হয়। এতে তাদের পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।

পরে জামায়াতের লোকজন জড়ো হয়ে এলাকায় মহড়া দেয় বলে অভিযোগ করেন উপজেলা বিএনপি এই নেতা।

বোরহানউদ্দনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনরিুজ্জামান জানান, গণসংযোগকালে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বোরাহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মন জানান, এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মুঠোফোনে বিষয়টি জানালে সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিক ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত