পণ্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসব উদযাপিত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষার সরকারি পর্যায়ে একমাত্র বিশেষায়িত সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সংগীত কলেজ। ১৯৬৩ সালে উপমহাদেশের প্রখ্যাত সংগীত সাধক সংগীতাচার্য পণ্ডিত বারীণ মজুমদারের অক্লান্ত কর্ম সাধনায় প্রতিষ্ঠা পায় সরকারি সংগীত কলেজ। প্রথমে ‘কলেজ অব মিউজিক’ নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীকালে ১৯৮৪ সালে সরকারিকরণের পর প্রতিষ্ঠানটি সরকারি সংগীত কলেজ নামে পরিচিতি পায়। এরপর ১৯৯২ সালে স্থায়ীভাবে আগারগাঁওয়ে নির্মিত ভবনে সরকারি সংগীত কলেজ এর কার্যক্রম শুরু হয়।

২০১৮ সাল থেকে সরকারি সংগীত কলেজ প্রতিষ্ঠাতা হিসেবে পণ্ডিত বারীন মজুমদার উৎসব পালন করে আসছে। এ বছরও প্রতিবারের মতো ৩১ জানুয়ারি শনিবার দিনব্যাপি দুইটি পর্বে পণ্ডিত বারীন মজুমদার উৎসব ২০২৬ পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা সংগীতশিল্পী ফওজিয়া ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতজ্ঞ পণ্ডিত বারীন মজুমদারের সুযোগ্য পুত্র বিশিষ্ট সংগীত পরিচালক পার্থ মজুমদার।

উৎসবে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক শাহনওয়াজ ইসমত আরা। এছাড়াও উৎসব অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ আনিকা রাইসা চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক এম.এম ইউনুছুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রফেসর নাদিয়া সোমা সামাদ, অধ্যক্ষ, সরকারি সংগীত কলেজ।

দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে ছিল সরকারি সংগীত কলেজের উচ্চাঙ্গ সংগীত বিভাগ, রবীন্দ্র সংগীত বিভাগ, নজরুল সংগীত বিভাগ, লোক সংগীত বিভাগ ও তালযন্ত্র বিভাগের পরিবেশনা। এছাড়াও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, খ্যাতিমান শিল্পী, সরকারি সংগীত কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশিষ্ট শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত