চাপে পড়ে গণভোট নিয়ে কথা বলছে একটি দল: জামায়াত আমির

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

জনগণের চাপে পড়ে গণভোট নিয়ে একটি দল একটু একটু কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের শাক্তা খেলার মাঠে জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা যেদিকে আগাতে যাই, তারা আমাদের আগাতে দেয় না। জুলাই সংস্কার প্রস্তাবের জন্য গণভোটের কথা উঠার পর বলেছে গণভোট আবার কিসের। এরপর ঠ্যালা খেয়ে বললো জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করতে হবে। এখন আবার বলে গণভোট মানি না। এখন জনগণ জবাব চাওয়ার পর গণভোট নিয়ে কথা বলছেন একটু একটু। এটাকেই বলে ঠ্যালার নাম বাবাজি।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবজি, দখলবাজি, মায়ের গায়ে হাত তোলা জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না। জুলাই না হলে ২৬-এ নির্বাচনই হতো না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান দেখিয়েই ২৬ এর নির্বাচন করতে হবে। আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ব্যাংক ডাকাত মুক্ত করে ছাড়ব।’

গুপ্ত রাজনীতি প্রসঙ্গে বলেন, ‘অনেকে আমাদের গুপ্ত-সুপ্ত অনেক কিছু বলে, অথচ তারা নিজেরাই গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর।’

তারুণের প্রত্যাশা সম্পর্কে বলেন, ‘আমরা অপমানজনক বেকার ভাতা হাতে তুলে দিব না। যুবসমাজের ন্যায় বিচার চেয়েছিল। সেই বিচার দিতে পারেনাই বলে একজন পালিয়ে গেছে। যুবসামাজ বেকার ভাতার জন্য মিছিল করে নাই।’

সবশেষে বলেন, ‘আল্লাহ না করুক তারা নির্বাচনে যদি জিতে যায় তাহলে একজন মা-ও ইজ্জত নিয়ে ঘর থেকে বের হতে পারবেন না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের কর্নেল আব্দুল হক, ঢাকা-৩ আসনের অধ্যক্ষ শাহীনুর ইসলাম এনসিপি মনোনীত ঢাকা-১৯ আসনের দিলশাদ পারুল, ঢাকা-২০ আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, শিবিরের সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, জেলা সেক্রেটারী মাও. আফজল হোসাইন, নায়েবে আমির আব্দুর রঊফ, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রিয় নেতা এড. মশিউল আলম, মাও. জব্বার, এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত