চট্টগ্রামে ভাইরাল গেম অব থ্রোনস–স্টাইল ব্যানার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

চট্টগ্রাম নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে চোখে পড়েছে ব্যতিক্রমী কিছু পোস্টার। 

জনপ্রিয় বিদেশি টিভি সিরিজ গেম অব থ্রোনস–এর বিখ্যাত বাক্যাংশ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করে এসব পোস্টারে তুলে ধরা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে।

সোমবার হালিশহর ও চকবাজার এলাকায় দেখা যায় এসব ব্যানার। পোস্টারগুলোর নকশায় সিরিজটির একটি পরিচিত চরিত্রের অবয়ব অনুসরণ করা হয়েছে। 

তলোয়ারের বদলে তাঁর হাতে দেখানো হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক, আর পেছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে তুষারাচ্ছন্ন পরিবেশ ও নেকড়ের প্রতিচ্ছবি। ব্যানারের নিচের অংশে লেখা রয়েছে—‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।

গেম অব থ্রোনস সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ ছিল স্টার্ক পরিবারের মূলমন্ত্র, যা আসন্ন সংকট ও কঠিন সময়ের ইঙ্গিত বহন করে। সিরিজের কাহিনিতে শীত ও অজানা বিপদের প্রতীক হিসেবে হোয়াইট ওয়াকারদের উপস্থিতি এবং বিভিন্ন ক্ষমতাধর পরিবারের আধিপত্যের লড়াই তুলে ধরা হয়েছে। সেই সাংস্কৃতিক উপাদানই যেন নতুনভাবে ব্যবহৃত হয়েছে এই পোস্টারগুলোতে।

জানা গেছে, আজ কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে জামায়াত আমির শফিকুর রহমানের। 

তাঁর সফরসূচিতে কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া, সীতাকুণ্ড এবং নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনি সবগুলো জনসভায় অংশ নিয়েছেন। 

ঠিক এমন সময় এই ধরনের পোস্টার নিয়ে দলটির ভেতরেও কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, এসব পোস্টার সম্পর্কে তাঁদের আগে থেকে কোনো ধারণা ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ নামে সার্চ করলে একটি ফেসবুক পেজ পাওয়া যায়, যেখানে চকবাজারের গুলজার টাওয়ার এলাকার একটি ব্যানারের ছবি প্রকাশ করা হয়েছে। পেজটি খোলা হয়েছে রোববার। 

একই নামে আরেকটি গ্রুপও রয়েছে, যা তৈরি হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। এসব ছবি কেউ কেউ শেয়ার করছেন, আবার অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, “এ ধরনের কোনো ব্যানারের কথা আমরা জানি না। সাংগঠনিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের প্রচারণার ব্যানারগুলো দলীয় নাম ও পরিচয় দিয়েই টাঙানো হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত