তফসিল ঘোষণার পরদিন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত সময়ের পরিসংখ্যানে দেখা যায়, ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে ১৬টি, প্রার্থীর ওপর সরাসরি হামলার ঘটনা ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা পাঁচটি। এ ছাড়া অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা পাওয়া গেছে তিনটি।
প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, এ সময়ে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগে ২৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২০টি। অবরোধ ও বিক্ষোভের ঘটনা ছিল ১৭টি। এ ছাড়া হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ৯টি, সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা একটি এবং অন্য ক্যাটাগরিতে সহিংসতার ঘটনা ৭০টি।
