পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যবহারের অবমুক্তির আবেদন বাতিল করেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, আইপিও তহবিলের অর্থ অবমুক্তির জন্য প্রয়োজনীয় শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণে ব্যর্থ হওয়ায় আইপিও তহবিল ছাড়ের আবেদন প্রত্যাখ্যান করেছে কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মতে, রিং সাইন টেক্সটাইলসের আইপিও তহবিলের ১০ লাখ মার্কিন ডলার তাৎক্ষণিক অবমুক্তি এবং পরে অবশিষ্ট আইপিও তহবিল অবমুক্তির বিষয়ে চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন থেকে একটি কার্যপত্র উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে কমিশনের সভায় বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনকে দেওয়া হয়েছে।
জানা গেছ, কোম্পানিটি আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার খাত ও সময় সংশোধনের উদ্যোগ নেয়। কিন্তু এ ধরনের সংশোধনের ক্ষেত্রে আইপিও সম্মতিপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী অন্তত ৫১ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারের অনুমোদন গ্রহণ করা আবশ্যক। তবে রিং সাইনের শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় কমিশন সিদ্ধান্ত নেয় যে, প্রয়োজনীয় শেয়ারহোল্ডার অনুমোদন না থাকায় কোম্পানির আইপিও তহবিল অবমুক্তির আবেদন গ্রহণযোগ্য নয়। ফলে রিং সাইনের আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের অবমুক্তির আবেদন বাতিল করার সিদ্ধান্ত হয়।
