মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার প্রস্তুতি হুথিদের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ এএম

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সাম্প্রতিক একটি পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম স্থানান্তর করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান নিউজ’।

প্রতিবেদন অনুযায়ী, এই তৎপরতার ফলে গত মে মাস থেকে অঞ্চলটিতে যে তুলনামূলক শান্ত পরিবেশ বিরাজ করছিল, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হুথিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি গোষ্ঠীর সূত্রের বরাতে বলা হয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে গোষ্ঠীটি। বিষয়টি তারা যুক্তরাষ্ট্রের প্রশাসনকে অবহিত করেছে বলেও জানা গেছে।

এই তথ্য সামনে আসে এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আরব সাগরে একটি বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এর আগে মার্কিন নৌবাহিনীর ‘আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমার দিকে সরিয়ে নেওয়ার খবর প্রকাশিত হয়।

ইরানভিত্তিক সংবাদ সংস্থা ডব্লিউএএনএ এক সামরিক গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিনসহ ওই মার্কিন বহর বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্ব দিকে এডেন উপসাগরের কাছে অবস্থান করছে। হিসাব অনুযায়ী, বহরটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে রয়েছে, যা আগের অবস্থানের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয়।

এদিকে, ইরানি কর্মকর্তারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। ঠিক সেই সময়েই যুদ্ধজাহাজগুলোর অবস্থান পরিবর্তনের তথ্য প্রকাশিত হলো।

তবে পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত