পার্বত্য অঞ্চলসহ সারা বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা এবং ধর্ম প্রচারের উদ্দেশ্যে রাঙ্গামাটি রাজ বনবিহার থেকে দুইশতাধিক বৌদ্ধ ভিক্ষু ‘শান্তির পদযাত্রা’ নিয়ে খাগড়াছড়ি পৌঁছেছেন। রাঙ্গামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৬ তম জন্মদিন উপলক্ষে এই পদযাত্রার আয়োজন করে বনভান্তের ভিক্ষু সংঘ।
শান্তি পদযাত্রাটি রাঙ্গামাটির কুতুকছড়ি -মহালছড়ি - মাইসছড়ির দুতকৃপ্যা ঘুরে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে পিন্ডচরণ (খাবার) শেষে ধর্মপুর আর্য বন বিহারে যাবেন ভান্তেরা। শান্তি পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গামাটির রাজবন বিহারের জিনপ্রিয় মহাস্থবির ভান্তে। দেশ বিদেশের ২০০ ভান্তে এতে অংশ নিয়েছেন। এর আগে গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে তারা রাঙ্গামাটি রাজ বনবিহার থেকে খাগড়াছড়ির পেরাছড়া ধর্মপুর আর্য বনবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
ভান্তেদের পদযাত্রায় পথের নিদিষ্ট স্থানে তারা তাদের পিন্ড দান করেন বৌদ্ধ ধর্মালস্বী নর- নারীরা। এছাড়া পথে পথে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ তাদের দানীয় পানি চকলেটসহ বিভিন্ন দানীয় বস্তু দান করেন।
শান্তি পদযাত্রা উদযাপন স্বেচ্ছা সেবকদের আহবায়ক কৃঞ্চ মোহন চাকমা জানান, প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৬ তম জন্মদিনের শুভ কামনা জানাতে, পার্বত্য অঞ্চলে শান্তি ও পদ যাত্রায় দান পাওয়া টাকা গুলো বিশ্বশান্তি প্যাগোডার নির্মান দ্রুত শেষ করার কাজে ব্যয় করা হবে। পদযাত্রায় অংশগ্রহন কারী বিমলানন্দন মহাস্থবির ভান্তে ও মহামিত্র মহাস্থবির ভান্তে বলেন বনভান্তের শিষ্য সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে ৭৬ জন্মদিন ও বাংলাদেশসহ তথা দেশ ও বিশ্ব শান্তির মঙ্গল কামনা এই শান্তির পদ যাত্রার আয়োজন করা হয়েছে।
