আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা আরও স্পষ্ট হলো দুই দলের অধিনায়কের বক্তব্যে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত ম্যাচ খেলতে সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেছেন, ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পুরোপুরি সরকারের, বোর্ড বা দলের হাতে বিষয়টি নেই।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে এর আগেই পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ভারত ম্যাচে মাঠে নামবে না তাদের দল।
অধিনায়কদের প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব বলেন, 'ভারত কখনোই পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়নি। বরং আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী তারা প্রস্তুত রয়েছেন কলম্বোতে যেতে।'
সূর্যকুমার বলেন, “আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা কখনো না বলিনি। ওরাই না বলেছে। আইসিসি সূচি দিয়েছে, আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে এবং আমরা সেখানে যাচ্ছি।” তিনি আরও বলেন, পাকিস্তানের সিদ্ধান্ত ভারতের নিয়ন্ত্রণের বাইরে। আইসিসির পক্ষেও বিষয়টি সহজ নয় বলে মন্তব্য করেন সূর্যকুমার।
সূর্যকুমারের ভাষায়, অন্য একটি দেশের সরকারের সিদ্ধান্ত হলে আইসিসির হস্তক্ষেপ করা কতটা সম্ভব, সেটিও প্রশ্নের বিষয়। তবে সূচি বহাল থাকলে ভারত ম্যাচ খেলতে প্রস্তুত থাকবে বলে আবারও জানান তিনি।
গত এক দশকের বেশি সময় ধরে বহুজাতিক টুর্নামেন্টে নিয়মিতই ভারত–পাকিস্তান মুখোমুখি হয়ে আসছে উল্লেখ করে সূর্যকুমার বলেন, সুযোগ পেলে এবারও তারা খেলবেন।
বাংলাদেশের বিশ্বকাপে না খেলতে পারা দুঃখজনক: সালমান আগা
অন্যদিকে একই দিনে অধিনায়কদের সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত সরকারের এবং সেটি তাদের নিয়ন্ত্রণের বাইরে।
সালমান আগা বলেন, “ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের হাতে নেই। এটি সরকারের সিদ্ধান্ত এবং আমরা সেটিকে সম্মান করি। সরকার যা বলবে, আমরা সেটাই করব।” তিনি জানান, নকআউট পর্বে যদি আবার ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রেও একইভাবে সরকারের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, 'ম্যাচটি আদৌ হবে কি না—সেটিও তিনি নিশ্চিত নন। কারণ সরকার এক অবস্থান জানিয়েছে এবং দল সেটির বাইরে গিয়ে কিছু করতে পারবে না।'
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রতিবাদের বিষয় জড়িত রয়েছে। বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়া এবং নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ প্রসঙ্গে সালমান আগা বলেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলতে পারা দুঃখজনক। তিনি বাংলাদেশের দলকে ‘ভাইয়ের মতো’ উল্লেখ করে বলেন, টুর্নামেন্টে তারা পাকিস্তানকে সমর্থন করতে পারে।
ভারত ম্যাচ প্রসঙ্গের বাইরে এসে পাকিস্তান অধিনায়ক বলেন, এটি তার প্রথম বিশ্বকাপ অধিনায়ক হিসেবে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেরা পারফরম্যান্স বের করে আনাই তার লক্ষ্য।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান দল ভালো ক্রিকেট খেলছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা বিশ্বকাপে খেলতে নামছে।
তবে তিনি স্বীকার করেন, সাম্প্রতিক কয়েকটি আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বিশ্বকাপে নতুন দল ও নতুন সমন্বয়ে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান।
এদিকে ভারত ম্যাচ বর্জনের ফলে নকআউটে ওঠার পথে পাকিস্তানের জন্য চাপ আরও বাড়বে বলেও ইঙ্গিত দিয়েছেন সালমান আগা। শ্রীলঙ্কার আবহাওয়া ও বৃষ্টির অনিশ্চয়তাকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তিনি।
লাহোর কালান্দার্সে ফিরতে পেরে আবেগাপ্লুত মোস্তাফিজ