দীর্ঘ সময় পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। এবারের পিএসএল আসরের জন্য ২ কোটি ৮১ লাখ টাকায় ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।
দলে ফেরার পর লাহোরের ম্যানেজমেন্ট ও সমর্থকদের উদ্দেশে অনুভূতির কথা জানিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বাঁহাতি পেসার। লাহোরে ফিরতে পেরে নিজেকে গর্বিত ও উচ্ছ্বসিত মনে করছেন বলে জানিয়েছেন মোস্তাফিজ।
'আমি সম্মানিত, লাহোর আমাকে বেছে নিয়েছে। তাদের হয়ে পিএসএল খেলব ভেবে আনন্দিত। দলটির সাথে আমার সম্পর্ক নতুন নয়, আমি সেখানকার পরিবেশ, ভক্তদের প্যাশন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে জানি। লাহোরকে সবসময়ই নিজের পরিবারের মতো মনে হয়েছে। আবারো এই জার্সি পরতে এবং দলের জন্য নিজেকে নিংড়ে দিতে আমি প্রস্তুত।‘
২০১৬ সালে প্রথমবার লাহোরের হয়ে পিএসএলে খেলেন মোস্তাফিজ। ২০১৮ সালে খেলেন সর্বশেষবার। সেই লাহোর কালান্দার্স ইতোমধ্যে তিনবার পিএসএল শিরোপা জিতেছে। দলটির সাম্প্রতিক পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ বোলার।
মোস্তাফিজের ভাষায়, 'গত ৫ বছর ধরে লাহোর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা একটা দল যাদের সমর্থকরা আবেগপ্রবণ এবং এমন একটা ড্রেসিংরুম যা খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। সেই ড্রেসিংরুমে ফিরে যাওয়া যেখানে আপনি আগে থেকেই ছিলেন, সত্যিই বিশেষ কিছু।‘
লাহোরের সাম্প্রতিক সাফল্যের পেছনে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বড় ভূমিকা রয়েছে। তার নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন মোস্তাফিজও। তিনি বলেন, ‘শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা অক্ষুণ্ণ রাখতে এবং দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে, মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি। লাহোর কালান্দার্সের অংশ হওয়া ক্রিকেটের চেয়ে বেশি কিছু। এটা এমন এক জায়গা, এমন এক সংস্কৃতি, এমন ফ্যানবেজ- যাদের প্রতিনিধিত্ব করতে গেলে সবসময় প্রেরণা কাজ করে।’
এবারের পিএসএল শুরু হবে ২৬ মার্চ থেকে।
মোস্তাফিজকে ২ কোটি ৮১ লাখে দলে নিল লাহোর কালান্দার্স