টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে শ্রীলঙ্কার শেষ মুহূর্তের প্রচেষ্টা ব্যর্থ হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্টভাবে জানিয়েছে, তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবে না। ফলে কলম্বোতে বহুল আলোচিত এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে এলো।
‘হিন্দুস্থান টাইমস’কে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্র জানিয়েছে, ‘আমরা শ্রীলঙ্কার চিঠি পেয়েছি, কিন্তু সরকারের সিদ্ধান্ত আমরা বাতিল করতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) পিসিবিকে চিঠি দিয়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। চিঠিতে বলা হয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে হোটেল বুকিং বাতিল, ফ্লাইট রিজার্ভেশন কমে যাওয়া এবং বিভিন্ন লজিস্টিক সেবায় বিঘ্নসহ পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ম্যাচটি বরাবরই বিজ্ঞাপন ও সম্প্রচার আয়ের বড় উৎস। ম্যাচ বাতিল হলে তার প্রভাব পড়বে সামগ্রিকভাবে ক্রিকেট অর্থনীতিতে।
বিশ্বকাপ শুরু হতে মাত্র ২৪ ঘণ্টা বাকি থাকলেও কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় আশঙ্কা করা হচ্ছে, আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ভারত–পাকিস্তান ম্যাচ বাতিল হতে পারে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের চিঠিতে জানিয়েছে, তারা এই ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাণিজ্যিক, প্রশাসনিক, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ম্যাচের টিকিট বিক্রিও হয়েছে ব্যাপক হারে।
এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। এবার বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। নিরাপত্তা ইস্যু তুলে ধরে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে ঘোষণা দেয়। বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের কোনো স্মৃতি নেই, সব মুছে গেছে: মার্কাস থুরাম
ভারত ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার