চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক শিশুর সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। হাবিবুল মোস্তফা (৭) নামের শিশুটি আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় কর্ণফুলীর ক্রসিং এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। নিহত শিশুটি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

কর্ণফুলী থানার এসআই জয়নাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাবিবুল তার পরিবারের সঙ্গে হক কনভেনশন এলাকায় আসে। খেলাধুলার সময় তিনি পাশের নির্মাণাধীন ভবনের নিচতলায় থাকা অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যান। স্বজনরা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

এর আগে, গত বছরের ৭ জানুয়ারি কর্ণফুলীর বড়উঠান পশ্চিম ডাকপাড়া এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামে ১৩ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত