ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। গতকাল শুক্রবার বিকেলে বাজারের একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের অন্তত ১০টি দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও কাজ করেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপাতত বলা যাচ্ছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সহযোগিতা করা হবে।’
