‘১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।

শুক্রবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তার বক্তব্যে এ অনুরোধ জানানো হয়।

তার এমন বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, এ চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল।

তিনি আরও বলেন, এখানে নৈরাজ্য,সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। আমি অনুরোধ জানাব,আপনারা যারা চাঁদাবাজি করছেন-দুই হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত