লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার গভীর রাতে লাহোরে পৌঁছান বিসিবি সভাপতি। গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানান মোহসিন নকভি। পরে দুজনের মধ্যে বৈঠকে বাংলাদেশের সিদ্ধান্তের প্রতি সমর্থন দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানান আমিনুল ইসলাম।
এদিকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাও গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছেছেন। পিসিবি ও আইসিসি কর্মকর্তাদের সঙ্গে সেখানে ত্রিপক্ষীয় বৈঠক চলছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, বৈঠকের মূল এজেন্ডা হলো—টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা।
বাংলাদেশ ভারতে খেলবে না—এমন সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান আগেই ঘোষণা দিয়েছিল, তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই অবস্থান বহাল থাকলে ভারত–পাকিস্তান ম্যাচ না হওয়ায় আইসিসিকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
পাকিস্তানের এক সিনিয়র ক্রীড়া সাংবাদিক জানিয়েছেন, ভারতের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজ খেলা এবং অতিরিক্ত রাজস্ব বণ্টনের শর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে রাজি হতে পারে পাকিস্তান।
