যশোর-৬ (কেশবপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দাঁড়িপাল্লার প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত রবিবার রাত ১টা ১০ মিনিটের দিকে যশোর-৬ আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর নিজ বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এই কাপুরুষোচিত, পরিকল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ কেশবপুর থানার ওসি শুকদেব রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
