তেঁতুলিয়ায় ভাঙারির দোকানে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রণচণ্ডী বাজারের ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রণচণ্ডী বাজারের ‘ভাই ভাই ভাঙারির দোকান’ থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) রণচণ্ডী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৪৬/৩-এস এর আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ওই ভাঙারির দোকানে মর্টারশেল সদৃশ বস্তুটি দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি জব্দ করি। বর্তমানে এটি পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা আসার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত বা ভুটান থেকে আমদানিকৃত পাথরের সঙ্গে মর্টারশেলটি আসতে পারে। উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বাংলাবান্ধা স্থলবন্দরের পাথরের স্তূপ থেকেও একই ধরনের মর্টারশেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত