কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখ, কেউ চান হয়রানিমুক্ত হোক সব পাবলিক সার্ভিস, চান রাষ্ট্রযন্ত্রের সংস্কার হোক, জুলাই হত্যাকা-ে বিচার চেয়েছেন, উঠে এসেছে নারী-পুরুষের সমতা, শিশুর জন্য নিরাপদ পরিবেশ, ভালো শিক্ষাব্যবস্থা, দুর্নীতিমুক্ত-আধিপত্যমুক্ত বাংলাদেশের কথা। আবার কেউ কেউ ব্যক্তি আক্রমণ-আক্রোশ লিখেছেন, সরকারের সমালোচনাও করেছেন।
সব মিলিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে টুকরো টুকরো কাগজে মন্তব্য জানিয়েছেন ৪০ হাজার ২০৬ জন। ‘দেশের চাবি, আপনার হাতে’ গণভোট ২০২৬ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারের জন্য ভোটের গাড়ির প্রচার কার্যক্রমে ‘জনমত বাক্স’ সরাসরি প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন এ দেশের সাধারণ জনগণ।
গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬ মন্তব্য। চট্টগ্রাম থেকে ছয় হাজার ছয়টি। সিলেট থেকে ১ হাজার ৬৫১টি। বরিশাল থেকে ২ হাজার ১২৪টি। খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি। রংপুর ৩ হাজার ৬০৫টি। রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি। ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি মন্তব্য এসেছে।
ভোটের গাড়ি সারা দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোর প্রায় ২ হাজার ১৬৯টি স্পটে প্রচার কার্যক্রম চালিয়েছে।
গাজীপুর থেকে রাফা লিখেছেন, ‘আমার পরামর্শ হলো আমি এ দেশের মাটি ও বাতাসের মধ্যে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই।’
কুমিল্লা থেকে দেওয়ান সালাহউদ্দিন লিখেছেন, ‘সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। প্রধান উপদেষ্টা ভালো ভোট আয়োজন করবেন।’
চট্টগ্রাম থেকে গোলাম রাব্বানি লিখেছেন, ‘আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে ভোট দেওয়ার জন্য কোম্পানির মালিককে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।’ কোনো ধরনের অস্বস্তি-সংকোচ ছাড়াই সাবলীল, আবেগাপ্লুত মন্তব্যগুলো পড়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা অমূল্য সম্পদ।
