সীতাকুণ্ডে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ বাচা মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলা ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকার মুন্সিবাড়ি সংলগ্ন গ্রামীণ সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বাচা মিয়া সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকার মো. নেছার আহমদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুন্সিবাড়ি সংলগ্ন গ্রামীণ সড়কের পাশে অটোরিকশাচালক জুবায়েরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেন।  

সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া নিহত বাচা মিয়াকে বিএনপির কর্মী দাবি করে বলেন, তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। গত কয়েক মাস ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। কে বা কারা তাকে এভাবে হত্যা করেছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া গেছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত