কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একটি মৎস্য খামারের পরিত্যক্ত ভবন থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে যৌথবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া এলাকার আল বাশারাত মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ককটেল তৈরির গন্ধক, মইনজাল, পুয়েল পেপার, সিলেকশন পাথর, দুই শতাধিক খালি জর্দার কৌটা এবং শতাধিক জিআই পাইপ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে আসন্ন ভোটকেন্দ্রে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কয়েকজন ব্যক্তি আল বাশারাত মৎস্য খামারে হাতব্যাগ নিয়ে আসা-যাওয়া করছিলেন। বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে কয়েকজন সেখানে আসেন। কিছুক্ষণ পর তারা কয়েকটি হাতব্যাগে কিছু মালামাল ভরে মাইক্রোবাসে করে নিয়ে যান। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা খামারের পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পান। পরে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেসব সরঞ্জাম উদ্ধার করে।
আল বাশারাত মৎস্য প্রজেক্টের দায়িত্বরত ব্যবস্থাপক রায়হান রহমান রাজু বলেন, প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম মামুনসহ চার-পাঁচজন ব্যক্তি গত কয়েক দিন ধরে খামারে আসছিলেন। আজ আমি এসে দেখি খামারের দুই কর্মচারীকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। আমাকেও বাইরে বসতে বলা হয়। পরে আমি ওপরের কক্ষে গেলে তারা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন বলেন তিনি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিআই পাইপসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এগুলো বিস্ফোরক কি না বলেও জানান তিনি।
