ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এ নির্দেশনায় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে শর্তসাপেক্ষে মোবাইল ফোন সঙ্গে রাখার অনুমতি দেওয়া হলেও ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে গোপন কক্ষে মোবাইল ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইসি জানিয়েছে, ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে তারা কোনো অবস্থাতেই গোপন কক্ষে
মোবাইল ব্যবহার করতে পারবেন না। ব্যালট পেপারে সিল মারার দৃশ্য ধারণ, ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে স্পষ্ট করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ কেবল দাপ্তরিক প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে গণমাধ্যমকর্মী ও নির্বাচনী পর্যবেক্ষকদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত নীতিমালা অনুসরণ সাপেক্ষে মোবাইল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্যকেও ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
তবে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাধারণ সদস্যদের দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সঙ্গে রাখার অনুমতি নেই বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ইসি সচিবালয় সূত্রে জানানো হয়েছে, পূর্বে মোবাইল ব্যবহারে যে কঠোর নিষেধাজ্ঞা ছিল, তা আংশিকভাবে শিথিল করা হয়েছে। তবে ভোটের গোপন কক্ষের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্বচ্ছতা বজায় রাখা এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান সহজ করতেই এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নারায়ণগঞ্জে ব্যালট পেপারে সিল মারার প্রস্তুতির ভিডিও ভাইরাল
নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করছে সুইডেন