সিসিটিভি সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারিস্টার আরমান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সবকটিতে সিসি ক্যামেরা না থাকা বড় উদ্বেগের বিষয়। তবে ভোটগ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর আহমাদ বলেন, ন্যাশনাল বাংলা কলেজ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে।

তিনি অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ক্যামেরা স্থাপনের কথা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে সিটি করপোরেশনের কর্মীরা কিছু স্থানে ক্যামেরা বসানো ছাড়াই চলে গেছেন। এছাড়া কিছু এলাকায় নির্বাচন পর্যবেক্ষক ও জামায়াত সমর্থকদের হয়রানি করারও অভিযোগ এসেছে।

তবুও মীর আহমাদ বলেন, নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, 'ফলাফল নয়, প্রক্রিয়া নিয়েই গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে। সিসিটিভি কভারেজ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি, ভোটারদের হয়রানি না হওয়া এবং ভোট গণনায় হস্তক্ষেপ না থাকলে যেকোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে।' কিছু বিশৃঙ্খলার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত