চোটে পড়া মেসির মৌসুমের প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিওনেল মেসি। এই চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে এমএলএসের চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইন্টার মায়ামি বুধবার এক বিবৃতিতে জানায়, মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশির টান (স্ট্রেইন) ধরা পড়েছে। আগামী কয়েক দিনে তাঁর শারীরিক ও কার্যকরী অগ্রগতির ওপর ভিত্তি করেই অনুশীলনে ধীরে ধীরে ফেরার সময়সূচি ঠিক করা হবে।

আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির বিপক্ষে লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচ দিয়েই শুরু হবে মায়ামির লিগ অভিযান। তবে চোটের কারণে সেই ম্যাচে মেসির উপস্থিতি এখনো নিশ্চিত নয়।

মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইন্টার মায়ামির প্রীতি ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভালের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। সেটি দুই সপ্তাহ পিছিয়ে ২৬ ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বায়ামনের এস্তাদিও হুয়ান রামোন লোব্রিয়েল স্টেডিয়ামে।

ক্লাব জানায়, আয়োজক প্রতিষ্ঠান ও পুয়ের্তো রিকো সরকারের সঙ্গে আলোচনা করেই সমর্থকদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে ম্যাচটি পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মেসি নিজেও চোটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইকুয়েডরের ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই তাঁকে আগেভাগে মাঠ ছাড়তে হয় এবং ক্লাব ও আয়োজকদের সঙ্গে সমন্বয় করেই পুয়ের্তো রিকোর ম্যাচ পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি আশা প্রকাশ করেন, নতুন তারিখে ম্যাচটি সফলভাবে আয়োজন করা যাবে।

ক্লাব আরও জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি চোটের কারণে অনুশীলনে অংশ নেননি মেসি। পরবর্তী মেডিকেল পরীক্ষাতেও হ্যামস্ট্রিংয়ে স্ট্রেইনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত