বাগেরহাটের ৪ আসনে তিনটি জামায়াত, একটিতে বিএনপি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ এএম

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি জয় পেয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পেরিয়ে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থীরা। অতীতের কোনো জাতীয় নির্বাচনে এই দুটি আসনে দলটি জয় পায়নি। বিজয়ী ৩ জামায়াত প্রার্থীর মধ্যে শেখ মনজুরুল হক রাহাদ ও মশিউর রহমান খান নতুন মুখ। বিএনপির বিজয়ী প্রার্থী শেখ ফরিদুল ইসলামও প্রথমবার নির্বাচিত হলেন। অন্যদিকে জামায়াতের আব্দুল আলীম এর আগে ২০১৮ সালে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাগেরহাট-১ আসনে জয় পেয়ে চমক সৃষ্টি করেছেন জামায়াতের প্রার্থী মশিউর রহমান খান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান দাড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ দাড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ ২ হাজার ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবদুল ওয়াদুদ সেখ দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর আব্দুল আলীম দাড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

ফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের বলেন, বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীদের হারিয়ে জামায়াতে ইসলামী এবং একটি আসনে জামায়াতে ইসলামীকে পরাজিত করে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত