ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল আসনে জয়লাভ করায় আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশব্যাপী দোয়া ও শুকরিয়া দিবস পালন করছে দলটি। নির্বাচনে এই বিশাল বিজয়ের পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপি নেতৃত্ব। তবে বিজয়ের এই মুহূর্তে কোনো ধরনের আনন্দ মিছিল বা সভা-সমাবেশ না করার জন্য দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দলের হাইকমান্ড থেকে জানানো হয়েছে, উৎসবের চেয়ে এই মুহূর্তে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং মরহুমা নেত্রীর জন্য দোয়া করাকেই অগ্রাধিকার দিচ্ছে তারা।
আজকের এই দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য ঢাকা মহানগরসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিজয় পরবর্তী সময়ে কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা বা আনন্দ মিছিল করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না, বরং ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে।
একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিতেই সকল ধর্মের মানুষকে নিজ নিজ উপাসনালয়ে দেশের জন্য প্রার্থনার এই অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী