ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি (জাপা) ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ২৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার এবং রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের জানান, নির্বাচনে প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট যদি কোনও প্রার্থী না পান তাহলে তিনি জামানত হারাবেন- এ হিসাব অনুযায়ী খুলনা-১ আসনের ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত হারিয়েছেন।
তারা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি প্রতীকে প্রাপ্ত ভোট-৮৮১), জাতীয় পার্টির (জাপা) মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল প্রতীকে প্রাপ্তভোট ৬৩০), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে প্রতীকে প্রাপ্তভোট ৪৭৪২), ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবু সাঈদ (হাতপাখা প্রতীকে প্রাপ্ত ভোট ৫৬১৯), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা প্রতীকে প্রাপ্তভোট ৫১৩), বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায় (রকেট প্রতীকে প্রাপ্তভোট-৫৬৭), গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (ট্রাক প্রতীকে প্রাপ্ত ভোট-৮৪), বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত-কলম প্রতীকে প্রাপ্তভোট-১৬৯), দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া ৭১০) ও গোবিন্দ হালদার (কলস ৮৯৪)।
খুলনা-২ আসনে তিন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ (হাতপাখা ৭২৯৮) জামানত হারিয়েছেন।
খুলনা-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মো. আব্দুল আউয়াল (হাতপাখা ৫৭০৫ ), বাসদের জনার্দন দত্ত (মই ২৪৬), এনডিএমের শেখ আরমান হোসেন (সিংহ ১৪১), জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল ১০৭০) এবং স্বতন্ত্র মো. মুরাদ খান লিটন (ঘুড়ি ৮৩), মঈন মোহাম্মদ মায়াজ (ফুটবল ৯৮), এস এম আরিফুর রহমান মিঠু (হরিণ ৮৩৮) ও মো. আবুল হাসনাত সিদ্দিক (জাহাজ ৬৮)।
খুলনা-৪ আসনে চার প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারিয়েছেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ (হাতপাখা ১৩৩৪৫) ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন (ফুটবল ৮৫৯)।
খুলনা-৫ আসনে চার প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারিয়েছেন। তারা হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার (কাস্তে ১৭৯০) ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল ১৩১৯)।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির (হাতপাখা ২৯৫০), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে ১৫৭১) ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল ২৭১৭)।
ঘোষিত ফলাফলের তথ্যানুযায়ী, খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান, খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে মোহাম্মদ আলি আসগর লবি এবং খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।
