কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন পরিশোধ না করে বিনা নোটিসে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পৌর এলাকায় অবস্থিত শেফাড গ্রুপের জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

শ্রমিকদের জানান, তাদের এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিসে কারখানা বন্ধ করে দেওয়ায় তারা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে থানা-পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, বকেয়া বেতনের দাবিতে শেফার্ড গ্রুপের জিন্স কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত