আগামী মঙ্গলবার সকালে বিএনপি দলীয় সংসদ সদস্যরা শপথ নেবেন। বিকেলে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান হবে। গতকাল শনিবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং। সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর মন্ত্রিসভার সদস্যদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে নির্বাচিত সংসদ সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৭টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী ৭টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন হয়নি। আর জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল ঘোষণা স্থগিত থাকছে। আসন দুটি হলো চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।
এক হাজার দেশি-বিদেশি অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব : আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। গতকাল শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ সব তথ্য জানান। শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা প্রথমে শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল সংসদ নেতা নির্বাচন করবে। সংসদ নেতা মন্ত্রিপরিষদ গঠন করে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন। নতুন মন্ত্রিসভার শপথের জন্য বিভাগ প্রস্তুত রয়েছে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে তা নির্ভর করবে সংসদ নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর। তিনি জানান, সংসদ সদস্যদের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ২৯৭টি আসনে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। কর্মদিবস হিসেবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে বলে ধরে নেওয়া হচ্ছে।
এর আগে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।
৬ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণের পরিকল্পনা : প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হতে পারে। সরকারের একটি সূত্র গতকাল শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ কথা জানান।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সূত্র বলছে, বিএনপি চাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণি অমরসূর্য্য, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে। এ জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।
