খুলনায় জামায়াতে ইসলামীর এক সদস্যের বাড়ির লাকড়ির ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মশিয়ালী গ্রামের শুকুর আকুঞ্জির বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে এক-দেড় মণ কাঠ পুড়ে গেছে। নির্বাচন পরবর্তী সহিংসতা বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।
এদিকে ঘটনার খবর পেয়ে আজ রবিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান।
এ সময় মিয়া গোলাম পরওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।
স্থানীয়রা জানান, মশিয়ালী গ্রামের শুকুর আকুঞ্জি কৃষি কাজ করেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। শনিবার দিবাগত রাতে শুকুর আকুঞ্জির বাড়ির লাকড়ির ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলেন। বাড়ির উঠান থেকে কেরোসিনের একটি বোতল পাওয়া যায়। ঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয়।
এ ব্যাপারে শুকর আকুঞ্জি বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের শেষ করে দিতে চেয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন।
নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, শনিবার দিবাগত রাতে শুকুর আকুঞ্জির বাড়ির লাকড়ির ঘরে আগুন লাগে। এতে এক-দেড়মণ লাখড়ি পুড়ে গেছে। তবে আগুনে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। বাড়ির উঠান থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বেশ রহস্যজনক।
তিনি জানান, এ ঘটনায় রবিবার বিকাল ৪টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
