ভিনিসিয়ুসের দুই পেনাল্টিতে রিয়ালের ৪ গোলের আনন্দ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ এএম

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দুটি পেনাল্টি গোলের সাহায্যে রিয়াল মাদ্রিদ শনিবার ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে মাদ্রিদ ক্লাবটি।

সপ্তাহ জুড়ে হাঁটুর অস্বস্তির কারণে অনুশীলনের কিছু অংশ মিস করায় ম্যাচে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে একাদশে রাখেননি রিয়াল কোচ। পাশাপাশি সঙ্গে হ্যামস্ট্রিং চোটে পড়া জুড বেলিংহ্যামও ছিলেন মাঠের বাইরে। তবে ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ ছিল আক্রমণাত্মক। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বাড়ানো ক্রসে গনসালো গার্সিয়া হালকা স্পর্শ দিয়ে প্রথম গোল করেন এবং দলকে এগিয়ে দেন।

তবে ২১ মিনিটেই সমতায় ফেরে সোসিয়েদাদ। ডিন হুইজেনকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে মিকেল ওয়ারসাবাল সমতা ফেরান। চার মিনিট পর আবার নাটকীয় মোড় আসে। জন আরামবুরু ভিনিসিয়ুসের গোড়ালিতে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন রিয়ালের পক্ষে। ভিনিসিয়ুস নিজেই স্পট কিক থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন। ৩১ মিনিটে অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে বক্সের বাইরে জায়গা পেয়ে দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন রিয়ালের। চলতি মৌসুমে ভালভার্দের এটি প্রথম গোল।

বিরতির পরও রিয়ালের আক্রমণ জোরদার থাকে। আবারও ভিনিসিয়ুসকে ফেলে দেওয়ায় দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ৪-১ করেন ভিনিসিয়ুস। রিয়াল সোসিয়েদাদ ম্যাচ জুড়ে কিছু সুযোগ তৈরি করেছিল। তবে থিবো কোর্তোয়া গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বেনফিকার সঙ্গে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলকে মানসিকভাবে চাঙ্গা করতে ভিনিসিয়ুস ও এমবাপ্পে ম্যাচের আগে ডিনার দিয়েছিলেন সতীর্থদের। যা দলের ঐক্য ধরে রাখতে কাজ করেছে বলে মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত