ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময়

সিটি করপোরেশনের নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন : শাহাদাত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহতের পাশাপাশি নগরবাসীর সেবা প্রদান চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দ্রুততম সময়ে সব সিটি করপোরেশনের নির্বাচন হওয়া প্রয়োজন। গতকাল রবিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সুজান জিন্ডেল এবং পর্যবেক্ষক সহকারী মো. মাসুক হায়দারের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘২০০১ সালের পর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ফলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়নি। এ কারণে দেশের উন্নয়ন ও গণতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে মেয়র বলেন, বর্তমানে সারা দেশে আমিই একমাত্র নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। অন্যান্য সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন না। মেয়র না থাকায় আপাতত প্রশাসক দিয়ে সেগুলো পরিচালিত হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের জাতীয় আইনি কাঠামো এবং দেশটি যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড গ্রহণ করেছে, তার ভিত্তিতেই সংসদীয় নির্বাচনের মূল্যায়ন করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এই মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত