কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহত, ট্রাক চালক গ্রেপ্তার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩, রংপুর।

জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে মোটরসাইকেল চালক মো. নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক ১৪ জানুয়ারি ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় সদর থানায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-১৫)।

এ বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল অভিযানে নেমে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত