ভিনিসিয়ুসের ফেভারিট তালিকায় আর্জেন্টিনা আছে, নেই ব্রাজিল!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

বিশ্বকাপ এগিয়ে আসছে। ব্রাজিলের হেক্সা মিশন সফলে বড় দায়িত্ব ভিনিসিয়ুস জুনিয়রের। কার্লো আনচেলত্তির অধীনে দুই যুগ পর বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল ভক্তরা। এর মাঝেই ভিনিসিয়ুস জুনিয়রের এক বক্তব্য ভাইরাল হয়েছে। ব্রাজিল তারকা পাঁচ মাস পর শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফেভারিটের তালিকার সেরা চারে রাখেননি নিজ দল ব্রাজিলকে। স্প্যানিশ ইউটিউবার ইবাই ল্যানোসের সঙ্গে আলাপচারিতায় ভিনিসিয়ুস শক্তির দিক থেকে এগিয়ে রেখেছেন পর্তুগাল, স্পেন, ফ্রান্স ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

তার মতে, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার ওপর থাকবে ২০২২ সালে কাতারে যা অর্জন করেছে, তা ধরে রাখার দায়িত্ব। অন্যদিকে, পর্তুগাল সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল সময় পার করছে। বিশ্বকাপের আগে কোন কোন জাতীয় দলকে তিনি সবচেয়ে এগিয়ে রাখছেন, জানতে চাইলে ব্রাজিলিয়ান তারকা সরাসরি উত্তর দেন, ‘অনেক ভালো দল আছে, কিন্তু আমার খুব পছন্দ পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা। আমার মনে হয় এই চার দলেরই সেরা স্কোয়াড আছে? কারণ তারা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। গত বিশ্বকাপের পর থেকে তারা খুব কম খেলোয়াড় বদলেছে, আর এটা বড় পার্থক্য গড়ে দেয়।‘

ভিনিসিয়ুস তার বলা কথার ব্যাখ্যাও দিয়েছেন। তার মনে হয়েছে, যে দলগুলোতে খুব বেশি পরিবর্তন হয় না, তারাই শিরোপার দাবীদার থাকে, স্পেন সম্পর্কে ভিনিসিয়ুস বলেন, ‘স্পেন সব সময়ই খুব শক্তিশালী। তাদের দলে তরুণ খেলোয়াড় আছে, আর অভিজ্ঞ খেলোয়াড়দেরও মান অনেক উঁচু। ইউরোতে তারা ভালো করেছে, আর আমার মনে হয় বিশ্বকাপেও তারা খুব ভালো করবে।’

তাই বলে নিজের অধরা স্বপ্নের কথা বলতে ভুলেননি ব্রাজিল তারকা। কোচ আনচেলত্তির প্রশংসা করে তিনি বলেন, ‘ভক্তরা আমাদের যেভাবে দেখে অভ্যস্ত, কোচ তার কিছুটা বদলে দিয়েছেন। তিনি আসার পর আমরা আরও ভালো খেলছি। আমরা এখন বেশি খুশি এবং শান্ত। তিনি আমাদের প্রয়োজনীয় স্থিরতা দেন। আর দেশ তো সবসময় আরও বেশি চায়, তাই না? কারণ অনেক দিন হয়ে গেছে আমরা জিতিনি, মানুষ আবার জিততে চায়।’ অন্যদের এগিয়ে রাখলেও রিয়াল মাদ্রিদ তারকার বিশ্বাস এ বছরটা হবে ব্রাজিলের, ‘আশা করি এ বছরটা আমাদের হবে। ব্রাজিলে বিশ্বকাপ মানেই আলাদা কিছু। সে সময় স্কুল থাকে না, কাজ থাকে না, কিছুই থাকে না। পুরো দেশ থেমে যায়।‘’

আনচেলত্তির সঙ্গে মাদ্রিদে কাজের অভিজ্ঞ আছে ভিনিসিয়ুসের। সেই জুটি এবার এক হয়েছে ব্রাজিল দলে। নিজেদের সম্পর্ক নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘তিনি আমার দাদুর মতো হতে পারেন (মজা করে বলেন ভিনিসিয়ুস)। তবে তিনি আমাদের খুব ভালোভাবে দেখভাল করেন। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক কীভাবে সামলাতে হয়, তিনি জানেন, এবং খুব ভালো কাজ করছেন। আশা করি আমরা এই বিশ্বকাপ জিততে পারব। যখনই তিনি আমাকে ফোন করেন, বলেন, তুমি তো জানো আমরা বিশ্বকাপ জিতব, তাই না?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত