রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় স্টাফ বাসের ধাক্কায় মোসা. নয়নমণি (৪৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তিনি কারখানা ছুটি শেষে ওই স্টাফ বাসে করে মুগদা আসেন। অন্যদিকে শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাতে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
শিবচর : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মো. হাবিব মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকার বাসিন্দা।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গাড়িচাপায় মোশারফ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজবাড়ী বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোশারফ ইউনিয়নের বারতা পুকুর চালা গ্রামের বাসিন্দা।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। জানা গেছে, রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
খুলনা : খুলনায় ট্রাকচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খানজাহান আলী সড়কের বাসিন্দা।
বাঁশখালী : চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নাওরিন আবছার মীমফার (৫) সাধনপুর ইউনিয়নের পশ্চিম সাধনপুর ৭ নম্বর ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী মো. আবছারের মেয়ে।
