জেনেভায় ইউক্রেন-রাশিয়ার শান্তি সংলাপে এখন বড় প্রশ্ন কার দখলে থাকবে ভূখণ্ড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ইউক্রেন-রাশিয়ার মধ্যকার দুই দিনব্যাপী নতুন দফার শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে অধিকৃত ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়টি। তবে ইউক্রেনীয় ভূখণ্ড দখলে ক্রেমলিনের অনড় অবস্থান এবং কিয়েভের ওপর আন্তর্জাতিক চাপের মুখে এই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৪৫ সালের পর ইউরোপের এই বৃহত্তম যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভ- উভয় পক্ষকেই একটি চুক্তিতে পৌঁছাতে চাপ দিচ্ছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, ‌ছাড় দেওয়ার জন্য তার দেশের ওপরই সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করা হচ্ছে।

মস্কো বর্তমানে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট ২০ শতাংশ এলাকা দাবি করছে, যা তারা এখনো দখল করতে পারেনি। অন্যদিকে ইউক্রেন নিজেদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, এবারের আলোচনায় ভূখণ্ডসহ আমাদের উত্থাপিত সব দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। দুই পক্ষই সেই আলোচনাকে ‘গঠনমূলক’ বললেও কোনো বড় ধরনের সমাধান আসেনি। ফলে এবার আলোচনার ভেন্যু পরিবর্তন করে সুইজারল্যান্ডের লেকসাইড শহর জেনেভায় স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পূর্ণ হতে যাচ্ছে। এই দীর্ঘ যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং কয়েক মিলিয়ন মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। বর্তমানে রাশিয়ার দখলে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রয়েছে। শীতের এই চরম সময়ে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হওয়ায় লাখ লাখ মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে।

শান্তি আলোচনার জন্য রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তবে অতীতে আলোচনার টেবিলে মেদিনস্কি ইতিহাস নিয়ে দীর্ঘ লেকচার দিয়ে যুদ্ধের অজুহাত দাঁড় করিয়েছেন বলে অভিযোগ কিয়েভের। ফলে তার নেতৃত্বে বড় কোনো সমঝোতা হবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে সন্দেহ রয়েছে। রুশ দলে আরও থাকছেন সামরিক গোয়েন্দা প্রধান ইগর কস্তিউকভ এবং অর্থনৈতিক বিষয়ের জন্য পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমি আশা করি জেনেভা আলোচনা ফলপ্রসূ হবে, কিন্তু মাঝেমধ্যে মনে হয় দুই পক্ষ সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় নিয়ে কথা বলছে।’

ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ। জেনেভায় যাত্রার আগে উমেরভ পুনর্ব্যক্ত করেন যে, তাদের লক্ষ্য ‘একটি টেকসই এবং দীর্ঘস্থায়ী শান্তি’।

কেবল ভূখণ্ড নয়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং যুদ্ধ-পরবর্তী ইউক্রেনে পশ্চিমা সেনাদের ভূমিকা কী হবে- তা নিয়েও দুই দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে।

এবারের বৈঠকে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিত্ব করছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। রয়টার্স জানিয়েছে, এই প্রতিনিধি দলটি একই সপ্তাহে জেনেভায় ইরানের সঙ্গে আলাদা একটি বৈঠকেও অংশ নেবে।

সূত্র: রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত