ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আসন্ন পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, 'আমি এসব আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক কী হয়।'
ওমানের মধ্যস্থতায় মঙ্গলবার সকালে জেনেভার ওমান দূতাবাসে এই আলোচনা শুরু হবে।
ইরানকে কঠোর কিন্তু আলোচনায় অপটু আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, 'আগেই একটি চুক্তি সম্পন্ন করা যেতে পারত—তাহলে বি-২ বোমারু বিমান পাঠানোর প্রয়োজন হতো না' । জুন ২০২৫-এ ইরান–ইসরায়েল সংঘাতের সময় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের যে হামলা চালানো হয়েছিল, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
গত ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করে। ইসরায়েলের হামলার পর ১২ দিনের যুদ্ধের জেরে প্রায় আট মাস আলোচনা স্থগিত ছিল। যদিও উভয় পক্ষ সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বলেছে, তবু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ওয়াশিংটন চায় আলোচনার পরিধি বাড়িয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতাকেও অন্তর্ভুক্ত করতে, যা তেহরান এখন পর্যন্ত প্রত্যাখ্যান করে আসছে।
